স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব সিভিল মেরিট’-এ ভূষিত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন এই সম্মাননার মেডেল ও সনদ স্যার ফজলে হাসান আবেদের হাতে তুলে দেন। বেসরকারি খাতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে স্পেন তার দেশের কিংবা বিদেশি নাগরিকদের এ সম্মাননা দিয়ে থাকে।
সম্মাননা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ফজলে হাসান আবেদ বলেন, ‘এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের এক লাখ ১০ হাজার কর্মীও এর অংশীদার।’
স্পেনের রাষ্ট্রদূত চাকোন বলেন, ‘বেসরকারি খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননার জন্য স্যার ফজলে হাসান আবেদের নাম ঘোষণা করছি। বাংলাদেশ তার মেধা, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞা ভাগাভাগি করে থাকে। আমরা তাকে বাংলাদেশের সেরা প্রতীক মনে করি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হওয়ার জন্য তিনি স্যার ফজলে হাসান আবেদকে অভিনন্দন জানান।
