ভাষা সৈনিক অনেক ছিলেন। তাদের মধ্যে শুধু আব্দুল মতিনকে ভাষা মতিন নামে ডাকা হতো। ভাষার জন্য বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছিল। ভাষা সৈনিক আব্দুল মতিন কখনো হতাশ হতেন না। তাই আমাদেরও হতাশ হলে চলবে না। আমাদের সমাজে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। সততা প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার ভাষাসংগ্রামী কমরেড আব্দুল মতিন স্মরণ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন। স্মরণ জাতীয় কমিটির আহ্বায়ক আহমদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রগতিশীল বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ছিলেন একজন নির্লোভ মানুষ। বাঙালি জাতি ভাষা সৈনিক এ মহানায়ককে চিরকাল স্মরণ করবে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
