শ্রীলঙ্কার সঙ্গে প্রথম প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
বল নিয়ন্ত্রণের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশেই। ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পায় তারা। কিন্তু রায়হানের থ্রো থেকে নাসির হেড করলে বল পান মিঠুন। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। গোলের জন্য বাংলাদেশকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন জাহিদ হাসান এমিলি। ইয়ামিন মুন্নার ক্রসে হেড করেন এমিলি এবং বল প্রতিপক্ষ গোলরক্ষকের গ্লাভস ছুঁয়েও ঠিকানা খুঁজে নেয়। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। কিন্তু মামুনুলের প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। কর্নার ক্রসবারের ওপরের অংশে লেগে বাইরে চলে যায়। উল্টো ২৮তম মিনিটে ডি বক্সের খানিক বাইরে থেকে নেয়া ফ্রি কিকে দলকে সমতায় ফেরানো গোলটি করেন এন রোশান।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের জালের নাগাল পায়নি। ৫১তম মিনিটে মামুনুলের কর্নারে নেয়া আরিফের হেড পাঞ্চ করে শ্রীলঙ্কাকে বিপদমুক্ত করেন পেরেরা।
