এর আগে জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিএনপি। এবার বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রতীক গোলাম আযমের মৃত্যুতেও কোনো প্রতিক্রিয়াই জানালেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এড়িয়ে তিনি বলেছেন, ‘এটা আজকের সংবাদ সম্মেলনের বিষয় না। যে বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা সবই বলেছি।’
শুক্রবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মির্জা ফখরুল। গোলাম আযমের বিষয় এড়িয়ে গিয়ে বলেন, ‘সরকারের বাহিনী ৩১০ নেতাকর্মীকে হত্যা এবং ৬৫ নেতাকর্মীকে গুম করেছে। এ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় সরকারের, এজন্য এদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন,বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। শান্তিপূর্ণ আন্দোলনই বিএনপির অস্ত্র। হুমকি-ধমকি দিয়ে জনগণের সংগ্রাম দমন করা যাবে না।’
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই সংলাপ চাই। যুদ্ধের সময়ও সংলাপ হয়। অতএব গণতন্ত্রের স্বার্থেই সংলাপের দাবি অব্যাহত রাখব।
