দাফন পারিবারিক কবরস্থানে, জানাজা পড়বেন ছেলে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ২০:৪৯
 
 
শনিবার বাদ জোহর বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে জানাজা শেষে গোলাম আযমের লাশ মগবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমি। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রতীক গোলাম আযমের মৃত্যুর পর থেকেই দুটি বিষয় আলোচনা আসে। কোথায় হচ্ছে এই যুদ্ধাপরাধীর দাফন? কে পড়াবেন জানাজা। কারণ তার আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেন, গোলাম আযম তার জানাজার জন্য দন্ডিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী অথবা একই অপরাধে বিচারাধীন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামিকে মনোনিত করেছেন। এর পর থেকেই তার জানাজার ইমাম কে হচ্ছেন সে বিষয়টিও আলোচনা আসে।
বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে মৃত্যুবরণ করেন গোলাম আযম। কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) গোলাম হায়দার জানান, কারাবিধি অনুযায়ী একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর রাত তিনটার দিকে লাশ পাঠানো ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে।
পরে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ময়নাতদন্ত শেষে লাশ কারা কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে গোলাম আযমের চতুর্থ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমি লাশ গ্রহণ করেন।
আব্দুল্লাহিল আমান আযমী রাতে সাংবাদিকদের বলেন, শনিবার জোহরের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার বাবার জানাজা হবে। তিনি নিজেই জানাজা পড়াবেন।