নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে ছয় উইকেট নিলেন সাকিব আল হাসান। মাসাকাদজা, চিগুম্বুরা, চাকাভা, পানিয়াঙ্গারা, নিয়ম্বু ও কামুনগোজিকে সাজঘরে ফিরিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের আক্রমণে টিকতে পারেননি সফরকারীরা। প্রথম দিনেই সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৪০ রান।
জবাবে দিন শেষে তামিম ইকবালের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। শামসুর রহমান ৮ ও মুমিনুল হক ১৪ রানে অপরাজিত রয়েছেন। টিনাশে পানিয়াঙ্গারার লাফিয়ে উঠা বল ঠিকভাবে খেলতে না পেরে স্লিপে ক্যাচ দেন তামিম। বাংলাদেশ এখনো ২১৩ রানে পিছিয়ে রয়েছে, হাতে আছে ৯ উইকেট।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথম উইকেটের জন্য খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগতিকদের। পেসার শাহাদাত হোসেনের বলে মুশফিককে ক্যাচ দিয়ে বিদায় নেন জিম্বাবুয়ের সিবান্দা। দলীয় ৩১ রানে সাকিবের ও তাইজুলের ক্যাচে সাজঘরে ফেরেন মাসাকাদজা। রাজা ও টেইলর জুটির ৫২ রানে আঘাত হানেন টেস্টে অভিষেক হওয়া জুবায়ের। তার বলে ৩১.৩ ওভারে তাইজুলকে ক্যাচ দিয়ে বিদায় নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এরপর অর্ধশতক করা সিকান্দার রাজা সাজঘরে ফেরেন জুবায়েরের বলে ও মাহমুদুল্লাহর ক্যাচে। দলীয় ১৪২ রানের মাথায় সাকিবের বলে ও মুমিনুল হকের ক্যাচে পতন ঘটে চিগুম্বুরার। দলীয় ১৯২ রানের মাথায় তাইজুল ইসলামের বলে ও মুমিনুল হকের ক্যাচে পতন ঘটে ষষ্ঠ উইকেটের। ৩৪ রান নিয়ে সাজঘরে ফেরেন এরভান। এরপর ২৫ রান নিয়ে সাকিবের আক্রমণে ও শামসুলের ক্যাচে আউট হয়ে যান চাকাভা। এরপর নিয়ম্বুকে (১৪) এলবিডব্লিউ করে ফেরত পাঠান অলরাউন্ডার সাকিব। এরপর নিজের পঞ্চম উইকেট হিসেবে আক্রমণের শিকার হন পানিয়াঙ্গারা (৮)। সর্বশেষ কামুনগোজিকে (৫) আউট করে ষষ্ঠ উইকেট তোলেন সাকিব।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, জুবায়ের হোসেন ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, এলটন চিগুম্বুরা, রেজিস চাকাবা, তিনাশে পানিয়াঙ্গারা, জন নিয়ম্বু, টেন্ডাই চাতারা ও তাফাদজা কামুনগোজি।
