বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জনগণকে সাথে নিয়ে ১৯৯০ যেমন স্বৈরাচারী এরশাদ সরকারকে হটিয়েছে, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারকেও হটানো হবে। শনিবার নেত্রকোনায় জেলা বিএনপির কাউন্সিল অধিবেশন এবং ত্রিবার্ষিক সন্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঠে নেমেছেন। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারকে হটিয়ে ঘরে ফিরবো। আওয়ামী লীগের পৈশাচিক শক্তিকে মোকাবেলা করতে হলে সকল দ্বন্দ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থেকে তিনি রাজপথে নেতা কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলন প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার কায়সার কামাল, ড. রফিক হিলালী, কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট খোরশেদ আলম মিয়া, ছাত্রদলের সাবেক সম্পাদক আমীরুজ্জামান আলীম, জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, সাবেক এমপি অধ্যক্ষ গোলাম রব্বানী এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন টিটু।
