ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের ধাওয়া, ককটেল বিস্ফোরণ, টিয়ারসেল নিক্ষেপ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২০:০১
 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। তবে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড সর্টগানের গুলি ও ১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।
পুলিশ ও দলীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল­াহ মানিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের এস.এস.কে সড়কস্থ সমবায় সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বরে এসে পৌঁছলে পিছন দিক থেকে পুলিশ মিছিলে ধাওয়া করে। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য ১২ রাউন্ড সর্টগানের গুলি ও ১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়লে কিছুক্ষনের জন্য যানবাহন ও দোকানপাট বন্ধ হয়ে যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ মোবাইল ফোনে সর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন।