নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে হাজারী বাগের সব কারখানা বন্ধ করে দেয়া হবে। এর পাশাপাশি সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লটও বাতিল করা হবে। জনস্বার্থে এ বিষয়ে সরকার কাউকে কোনো ধরনের ছাড় দেবে না। গুটিকয়েক শিল্পপতির খাম-খেয়ালির জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেয়া যায় না। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সব কথা বলেন। রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার চামড়া শিল্প নগরীতে সিইটিপি নির্মাণের মাধ্যমে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেয়ার পরও ট্যানারি স্থানান্তরের ধীর গতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে ট্যানারি স্থানান্তরে মালিকদের ব্যর্থতার দায় সরকার নেবে না বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে শ্রমিক নেতারা দেশের চামড়া শিল্পের বিকাশে ট্যানারি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, এ শিল্পখাতে কর্মরত শ্রমিকদের ত্যাগ ও দক্ষতা কাজে লাগিয়ে চামড়া শিল্পখাত একটি উদীয়মান শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা ট্যানারি স্থানান্তরে শ্রমিকদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তারা সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীর উত্পাদন ক্ষমতা বাড়াতে সেখানে শ্রমিকদের জন্য আবাসন, চিকিত্সাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, সাবেক সংসদ সদস্য রুবি রহমান, বিএফএলএলএফইএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও ট্যানারি শ্রমিক নেতা আব্দুল মালেক বক্তব্য রাখেন।
