তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে কবিদের অংশগ্রহণ অপরিহার্য। শনিবার দুপুরে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ষষ্ঠ জাতীয় কবি সম্মেলন ২০১৪ এ দিনব্যাপী কবিতাপাঠ, আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কবি তার হৃদয়ের কালিতে লেখা পংক্তিমালা দিয়ে অতীতকে বাঁচিয়ে রাখেন, বর্তমানকে তুলে ধরেন ও ভবিষ্যতের স্বপ্নছবি আঁকতে শেখান। কবিদের ছাড়া জীবন চলে না। সংগ্রাম-সংকট, আশা-নিরাশা, প্রেম-বিরহ, আনন্দ-বিষাদ, বন্ধুতা-শত্রুতা সকল সময় আমরা কবিদের পাই আমাদের আশ্রয়রূপে বলে তিনি উল্লেখ করেন।
কবি সংসদ বাংলাদেশের সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি ও সংসদ সদস্য কাজী রোজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডঃ রণজিৎ কুমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকারসহ বিশিষ্ট কবি ও সাহিত্যিকবৃন্দ সাহিত্যমোদীদের উপস্থিতিতে আলোচনায় অংশ নেন। কবি সংসদ বাংলাদেশের পক্ষ থেকে বিশিষ্ট কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী হাসানুল হক ইনু।
