মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২১:১৭
 
 
 
 
 
মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার দুই দিনের মাথায় রবিবার ফল প্রকাশ করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বেলা ১টায় স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা) অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান। গত শুক্রবার সারা দেশের ২৩টি পরীক্ষা কেন্দ্রে  এক ঘণ্টার এ পরীক্ষা  হয়। এবার ভর্তি পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে পরীক্ষার্থীদের। আগে পাস নম্বর ছিল ২০।
সারা দেশে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষার ফরম তোলেন ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। বর্তমানে দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।