ব্রিটেনের পোর্টসমাউথ শহর থেকে ব্রিটিশ-বাংলাদেশিদের যে দলটি সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছিল তাদের মধ্যে আরও একজন সেখানে লড়াইয়ে নিহত হয়েছে। এ নিয়ে পোর্টসমাউথের মোট চারজন ব্রিটিশ-বাংলাদেশি সিরিয়ায় কথিত জিহাদে নিহত হলো। পোর্টসমাউথের ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মেহদি হাসান গত বছরের অক্টোবরে পাঁচ জনের একটি দলের সঙ্গে সিরিয়ার উদ্দেশে ব্রিটেন ছাড়ে। ১৯ বছর বয়সী মেহদি হাসানের পরিবার পোর্টসমাউথের স্থানীয় একটি মসজিদকে নিশ্চিত করেছে যে তারা তার মৃত্যুর খবর পেয়েছে।
গত শুক্রবার মেহদি হাসানের টুইটার একাউন্টে তার ছবি পোস্ট করা হয়। এর আগে পোর্টসমাউথের ব্রিটিশ-বাংলাদেশি তরুণ ইফতেখার জামান, মামুনুর রশিদ এবং হামিদুর রহমান সিরিয়ায় লড়াই করতে গিয়ে মারা যায়। খবর বাসসের।
