গোলটেবিল আলোচনায় বক্তারা

৮ মাসে কর্মক্ষেত্রে ২১০ শ্রমিক নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ২১:৪১
 
 
 
 
 
 
চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে কর্মক্ষেত্রে নিহত শ্রমিকের সংখ্যা ২১০ জন। ১৬টি জাতীয় দৈনিক এবং ১১টি স্থানীয় সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে এসআরএস পরিচালিত জরিপ প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে।
শনিবার ‘কর্মক্ষেত্র দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ: ন্যূনতম মানদণ্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ সব কথা বলেন।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সদস্য অ্যাডভোকেট জেড আই খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, সেকান্দার আলী মিনা, অ্যাডভোকেট মো. বরকত আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান শ্রম আইন অনুযায়ী খুব কম পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। আহতদের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা এবং নিহতদের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ সময় মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা জমা দেয় না। ক্ষতিপূরণ প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কোনো পর্যবেক্ষণ কমিটি নেই।
বক্তারা আরো বলেন, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো, প্রতিটি শ্রমিকের জন্য বিমা সুবিধা নিশ্চিত করা, কর্মস্থলে আহত বা নিহত হলে সে ক্ষেত্রে প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি জানাই।