সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে সাড়ে তিনশ সংসদ সদস্য, কিন্তু সংসদ সদস্যের নামে স্টিকার আছে সম্ভবত সাড়ে তিন হাজারেরও বেশি। গৃহকর্মীদেরও গাড়িতে সংসদ সদস্য লেখা স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতে দেখেছি।
শনিবার তেজগাঁও সড়ক ভবনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সত্যই এটি জাতীয় সংসদের অবমাননা। আমরা যে শপথ গ্রহণ করে সংসদ সদস্য হই তার অবমাননা।
পরিবহন খাতে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা কঠিন কাজ, কেউ আইন মানতে চায় না। আমরা যারা আইন প্রণয়ন করি আমরাও অনেক সময় আইন ভঙ্গ করি, রাস্তায় চলতে গিয়ে অসাধারণ মানুষেরা ট্রাফিক রুল ভঙ্গ করে রং সাইডে যায়।সাধারণ মানুষ কিন্তু অনেক কিছু মেনে চলে; অসাধারণ মানুষরা রং সাইড দিয়ে যায়। পত্রিকায় সচিত্র রিপোর্ট আসে, তারপরেও তাদের শিক্ষা হবে বলে মনে হয় না।
শিক্ষা প্রতিষ্ঠানের বাস উল্টোপথে চলার বিষয়ে তিনি বলেন, বিআরটিসির গাড়ি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেয়া হয়। সে গাড়িগুলো রং সাইড দিয়ে চলে। চালককে জিজ্ঞাসা করা হলে সে বলে, তাকে বাধ্য করা হয়েছে। এটা যদি শিক্ষিত লোকেরা-আগামী দিনের নাগরিক ও আগামী দিনের নেতারা করে তাহলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনবো?
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনের দপ্তরগুলোর প্রায় ৭০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের উদ্যোগে ‘কী পারফরমেন্স ইনডিকেটর অ্যান্ড পারফরমেন্স কনট্রাকট্রিং শীর্ষক এ কর্মশালা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এম এ এন ছিদ্দিকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
