রাজিশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে এই ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডীন হাবিবুর রহমান।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাক্রম অনুসারে জোড় ও বিজোড় প্রত্যেক গ্রুপ থেকে প্রথম ১৫০০ করে মোট ৩০০০ জনকে প্রাথমিকভাবে সাক্ষাৎকার গ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১১ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যন্ত বিজোড় রোলধারীদের এবং আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জোড় রোলধারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের পর আগামী ১৬ নভেম্বর ভর্তির জন্য চুড়ান্ত মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, সাক্ষাৎকারের সময় উত্তীর্ণ শিক্ষার্থীকে বিভাগ পছন্দের ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে ডাউনলোড দিয়ে পূরণ করে আনতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় সত্যায়নকৃত প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল নিবন্ধনপত্রও সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।
