সবার জন্য উন্নত ভবিষ্যত্ গড়ে তোলার লক্ষ্যে এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে পরস্পরের ওপর নির্ভরশীল। তাই, কোনো একটি দেশের একার পক্ষে টিকে থাকা বা উন্নতি করা সম্ভব নয়।
রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যত্ গড়ে তোলার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি গতকাল শনিবার ‘বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার : প্রেক্ষিত এশিয়া’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি-বি) ২০তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ২০০৮-০৯ সালের মন্দাভাব বিশ্বকে নগ্নভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে, এই নাজুক পরিস্থিতি মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে তৈরি হয়। তিনি বলেন, এ পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশ ভোগান্তির শিকার হলেও বাংলাদেশ সৌভাগ্যক্রমে অনেক দেশের চেয়ে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, বৈশ্বিক মন্দাভাবের ৫ বছর পর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে।
বিকাশমান ও উন্নয়নশীল অর্থনীতিতে ২০১৪ সালে ৫ দশমিক ১ এবং ২০১৫ সালে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বৈশ্বিক মন্দার পর চীনে বিনিয়োগ বাড়ায় ২০১৩ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী অবস্থায় ফিরে আসে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আংটাডের মহাসচিব ড. মুখিশা কিতুই, আইসিসি’র ভাইস চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল, আইসিসি রিসার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ভিক্টর ফং, আইসিসি-বি’র সভাপতি মাহবুবুর রহমান ও সহ-সভাপতি লতিফুর রহমান বক্তৃতা করেন।
