খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি ৬ নভেম্বর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৪:০২
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রবিবার এই দিন ধার্য করেন।
এর আগে আপিল বিভাগের চেম্বার আদালত খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে লিভ টু আপিলে ওপর ২৭ নভেম্বর শুনানির ধার্য করেছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন শুনানি দিন এগিয়ে আনার জন্য আপিল বিভাগে একটি আবেদন করে। ঐ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ পরিবর্তন করে ৬ নভেম্বর দিন ধার্য করে। 
চলতি বছরের ১৯ মার্চ জিয়া ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলায় খালেদা জিয়াসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত-৩। এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা জিয়া। হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপারসন।