হকি দলের মালিক হলেন ধোনি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১২:১৯
 
হকি দলের মালিক হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হকি ইন্ডিয়ান লিগের দল ‘রাঁচি রেস’ এর যৌথ মালিক হলেন তিনি। শনিবার রাঁচির একটি হোটেলে দলটির লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোনি। 
ক্রিকেটার হিসেবে জনপ্রিয়তা পেলেও মোটর রেসিংয়ের প্রতি ধোনির আগ্রহটা অনেক বেশি। তাই বেশ কয়েক বছর আগে মোটর স্পোটর্সের মালিকও হয়েছেন ধোনি। কিছুদিন আগে ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান এফসির মালিক হয়েছেন তিনি। 
ফুটবলের পর এবার হকিতেও নিজেকে অন্তর্ভুক্ত করলেন ধোনি। সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস লিমিটেডের সাথে ‘রাঁচি রেস’-এর যৌথ মালিক হলেন ধোনি। লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে হকির সাথে নিজেকে জড়ানোর ব্যাপারে কথা বলেন ধোনি, ‘এটি আমার জন্য বিশেষ একটি দিন। কারণ আমি হকির সাথে নিজেকে জড়িয়েছি এবং যৌথভাবে মালিকও হয়েছি। আমার ধ্যান-জ্ঞান ক্রিকেট নিয়ে, তবে খেলোয়াড় হিসেবে নিজেকে সব ক্ষেত্রেই বিলিয়ে দিতে চাই।’
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হবে হকি লিগের তৃতীয় আসর। সূত্র: বাসস।