গুগলের মিউজিক সাবস্ক্রিপশন সার্ভিস গুগল প্লে মিউজিকের নতুন আপডেটে আপনার মনের ভাবের ওপর ভিত্তি করে গান শোনানোর সুবিধা যুক্ত করা হয়েছে। প্যানডোরা, স্পটিফাইয়ের মতো অনলাইন সব মিউজিক সার্ভিসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েই নতুন আপডেটে এই ফিচারটি যুক্ত করেছে গুগল। মূলত সপ্তাহের একেক দিনের একেক সময়ে ঠিক কী ধরনের কাজের সাথে যুক্ত থাকতে হয়, তার ওপর ভিত্তি করেই এই সার্ভিসে গানের পরামর্শ প্রদান করা হবে। সেগুলোকে আবার গ্রাহক নিজে নিজে বদলে নিলে সেগুলোকে মনে রেখে পরবর্তী সময়ে গানের তালিকার পরামর্শ প্রদান করবে গুগল প্লে মিউজিক। আবার কোনো গ্রাহক নিজে থেকে যদি জানিয়ে দেয় যে তার কী ধরনের গান পছন্দ, তখন সেই ইচ্ছাকে মাথায় রেখেও গান শোনার জন্য পরামর্শ পাওয়া যাবে এই সেবায়। নির্দিষ্ট ধরনের কাজের জন্য আলাদা আলাদা করে রয়েছে মিউজিক মিক্স। নতুন এ সেবা প্রসঙ্গে গুগল প্লে মিউজিকের প্রোডাক্ট ম্যানেজার ব্র্যান্ডন বিলিনস্কি বলেন, ‘মিউজিক সার্ভিসের ক্ষেত্রে কনটেন্ট আসলে সবার জন্য প্রায় এক। তাই এক্ষেত্রে গ্রাহকের প্রেক্ষিতকে গুরুত্ব দিলেই ভালো সেবা উপহার দেওয়া যাবে।’
