পদ্মা সেতু দুর্নীতি মামলা: ৭ আসামিকে অব্যাহতি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১০:৩৬
পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাত আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। রবিবার মামলার সাত আসামিকে অব্যাহতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক শুনানি শেষে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
গত ১৭ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন।
কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেন ষড়যন্ত্রের’ অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
তারা হলেন-সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য সচিব কাজী ফেরদাউস, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং তাদের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মোস্তফা।
মামলার এজাহারে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে তদন্তের আওতায় রাখা হয়।