জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রবিবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন।
এর আগে দুই মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আইনজীবীদের মাধ্যমে শুনানি মুলতবির আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত নদুন দিন ধার্য করেন।
খালেদার আইনজীবী জানিয়েছেন, এ মামলার বিষয়ে উচ্চ আদালতে দুইটি লিভ টু আপিল শুনানির অপেক্ষায় আছে। এর মধ্যে একটির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এ বিষয়টি জানিয়ে কার্যক্রম মুলতবির আবেদন করা হয়। এছাড়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেন নি খালেদা জিয়া।
এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসনের লিভ টু আপিল শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ সদস্যদের আপিল বিভাগের বেঞ্চ।
