জাতীয় শিল্পনীতি-২০১৫’র প্রাথমিক খসড়া

অর্থনীতিতে‌ শিল্পখাতের অবদান ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৬:১৯
 
 
জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান আরো ১২ শতাংশ বাড়িয়ে শতকরা ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্যে ’জাতীয় শিল্পনীতি-২০১৫’র প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। বর্তমানে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান হচ্ছে ২৮ শতাংশ । 
শিল্প মন্ত্রণালয়ের গঠিত তিনটি উপকমিটির প্রতিবেদন সমন্বয় সাধনের মাধ্যমে ‘জাতীয় শিল্পনীতি-২০১৫-এর’ প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়। শিল্প-উদ্যোক্তাসহ এ খাতে স্বার্থসংশ্লিষ্ট সকল মহলের সাথে আলোচনা করে খুব শিগগিরই ’শিল্পনীতি-২০১৫’ চূড়ান্ত করা হবে।
রবিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) এক সভায় এ কথা জানানো হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সভায় সভাপতিত্ব করেন। এটি ছিল এই কমিটির ২য় বৈঠক।
দেশের শিল্পখাতের উন্নয়ন ও সম্প্রসারণে সারা দেশে পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) সভায় গৃহিত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভা আহবান করা হয়।
এ সভায় শিল্পমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে বলেন, এ খাতের টেকসই উন্নয়নের মধ্যদিয়ে দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে হবে। তাহলেই ২০২১ সাল নাগাদ মধ্যমআয়ের ও ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আমির হোসেন আমু এসএমই খাতের কার্যকর প্রসারে ম্যানুফ্যাকচারিং খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে এসএমই ফাউন্ডেশনসহ সংশি¬ষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন অল্প জমিতে পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তুলে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার জন্য অর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
এ ছাড়াও দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য আইএমইডি’র নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ এসএমইখাতের উন্নয়নে কর্মরত সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সুপারিশ পেশ করবে বলে জানানো হয়।