সিরিয়ায় বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ২৫

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৭:৩৯
 
সিরিয়ায় মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ২৫ বেসামরিক লোক নিহত হয়েছে। রবিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তালবিসেহ্ শহরে শনিবার দিনের শেষে এক বিমান হামলায় ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ১৬ সদস্য রয়েছে।
এই ঘটনায় নিহতদের মধ্যে ১০ শিশু ও ৩ নারী রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি। খবর এএফপি’র।
অবজারভেটরি আরো জানায়, শনিবার সন্ধ্যায় হোমসের উপকন্ঠে ওয়ায়ের এলাকায় সরকারি বাহিনীর আরেকটি বিমান হামলায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। সিরিয়ার তৃতীয় বৃহত্তম নগরীর এই এলাকাটিই শুধু বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।