২০১৯ সালের একদিন আগেও নির্বাচন নয়: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৮:৫৯
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির উদ্দেশে বলেছেন, হরতাল অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে ঢাকা অচল কিংবা দখল করতে চাইলে তারা পরিণতি হবে ভয়াবহ। যতই ষড়যন্ত্র হোক না কেন ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। একই সঙ্গে একাত্তর, পচাত্তর ও একুশে আগস্টের খুনীদের সাথে কোন সংলাপ হবে না।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বিএনপি নেত্রীর উদ্দেশে বলেন, আলাল-দুলাল (যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল) দিয়ে যতই ষড়যন্ত্র করেন, কোন কাজ হবে না। আর কত পালিয়ে বেড়াবেন, লুকোচুরি খেলবেন? মামলা থেকে রেহাই পাবেন না। ভাগ্যে যা আছে তা হবেই। তিনি বলেন, বিএনপি নেত্রী ঢাকাকে অচল করার কথা বলেছেন। তবে ঢাকা অচল হলে তিনিও (খালেদা) সচল থাকতে পারবেন না। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যতই ষড়যন্ত্র করেন তাদের তিনি বাঁচাতে পারবেন না। তাদের বিচার যেমন হবে তেমনি রায়ও কার্যকর হবে।
সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা হরতালে জনগণের সাড়া মেলেনি দাবি করেন ত্রাণমন্ত্রী বলেন, অযৌক্তিক দাবির হরতাল বাংলাদেশে জনগণ আর কোনো দিন মেনে নেবে না।
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি ঢাকায় নাশকতা করতে নামতে চাইলে কঠিন জবাব দেয়া হবে। তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, বিএনপিকে আর বাংলাদেশে নাশকতা করতে দেয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আর আমরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।