দুবাই টেস্ট জিতলো পাকিস্তান

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৯:২৭
 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টে ২২১ রানের বড় ব্যবধানেই জিতলো পাকিস্তান। রানের হিসেবে অসিদের বিপক্ষে এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৪৩৮ রানের লক্ষে খেলতে নেমে ২১৬ রানেই গুটিয়ে যায় মাইকেল ক্লার্কের দল। ফলে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিসবাহ’র দল। 
দুবাই টেস্ট জিততে চতুর্থ দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৪৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে চতুর্থ দিন শেষে ম্যাচ হারের পথ তৈরি করে ফেলে অসিরা। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে জয়ের বাতাস ছড়িয়ে দেয় পাক বোলাররা। 
পঞ্চম ও শেষ দিনেও পাক বোলারদের আধিপত্য অব্যাহত ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর। মধ্যাহ্ন বিরতির আগে স্কোর বোর্ডের চিত্র তেমনই ইঙ্গিত দিচ্ছিলো। ৭ উইকেটে ১১৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া। আর তখনই ম্যাচ জয়ের আভাস নিশ্চিতভাবে পেয়ে যায় পাকরা। 
ম্যাচ হার নিশ্চিত দেখেও, হারের ব্যবধান কমাতে নিজেদের সামর্থ্য দিয়ে লড়াই করার চেষ্টা করেছেন স্টিভেন স্মিথ ও মিচেল জনসন। লড়াইটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। অষ্টম উইকেটে এই জুটিতে যোগ করেন ৬৫ রান। এরই মাঝে ২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান স্মিথ। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৫ রানে ফিরতে হয়েছে তাকে। 
তবে তখনো হারের ব্যবধান কমানোর লড়াই চালিয়ে গেছেন জনসন। তিনিও পেয়েছেন অর্ধশতক। ৬০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে জনসন পান নবম অর্ধশতকের দেখা। দলীয় ২১৩ রানে জনসন বিদায়ের ৩ রান পরই অর্থ্যাৎ ২১৬ রানে গুটিয়ে যায় অসিদের দ্বিতীয় ইনিংস। ৬১ রানের লড়াকু এক ইনিংস খেলেন জনসন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে ৭৪ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার জুলফিকার বাবর। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন বাবর। আর অভিষেক ম্যাচ খেলা ইয়াসির শাহ এই ইনিংসে শিকার করেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তার উইকেটসংখ্যা ছিল ৩। প্রথম ইনিংস ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দু’টি নান্দনিক ইনিংস খেলার সুবাদে এই টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান পাকিস্তানের ইউনিস খান। আগামী ৩০ অক্টোবর আবুধাবিতে শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট। 
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
পাকিস্তান ৪৫৪/১০ ও ২৮৬/২ (ডি:)।
অস্ট্রেলিয়া ৩০৩ ও ২১৬/১০ (মিচেল জনসন ৬১, স্টিভেন স্মিথ ৫৫, জুলফিকার বাবর ৫/৭৪ )। 
ফল : পাকিস্তান ২২১ রানে জয়ী। 
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 
ম্যান অব দ্য ম্যাচ : ইউনিস খান (পাকিস্তান)।
খবর বাসসের।