দক্ষিণ আফ্রিকার ফুটবল দলের অধিনায়ক ও গোলরক সেনজো মেয়েইয়া গুলিতে নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণে ভোসলুরাস শহরে মেয়েইয়ার বান্ধবীর বাড়িতে এই ঘটনা ঘটে।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, রাত আটটার দিকে ঐ বাড়িতে দুই ব্যক্তি প্রবেশ করে। তৃতীয় ব্যক্তি বাইরে অবস্থান করে। গুলির পর তিনজনই পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেয়েইয়াকে মৃত ঘোষণা করেন।
সন্দেহভাজন অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে ১৪ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত চারটি আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছেন মেয়েইয়া । ২০০৫ সাল থেকে তিনি স্থানীয় অরলান্দো পাইরেটস ক্লাবের হয়ে খেলছিলেন। গত বছর পাইরেটস সাউথ আফ্রিকান লিগ কাপে রানার্স আপ হয়েছিল।
