অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় কক্স্রবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের অন্তবর্তিকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
গত ২১ আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে নগরীর রমনা থানায় মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কমদামি সম্পদ বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে আনা হয়।
এই মামলায় নিম্ন আদালতে আ্ত্তসমর্পণ করে জামিন চান বদি। কিন্তু গত ১২ অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।
গত ১৬ অক্টোবর আবারো জামিন চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন বদি।
এই আদালতও তার জামিন না মঞ্জুর করে। পরে এই জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করা হয়।
এই মামলায় বদির পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি ও বদিকে ৬ মাসের জামিন দেয়।
