আগামী ২৯ নভেম্বর বুধবার কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ দিন তিনি কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সোমবার বিকালে বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কুমিল্লার জনসভার তারিখ নির্ধারণসহ সার্বিক প্রস্তুতির ব্যপারে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হাজী আমিন-উর রশিদ ইয়াছিন সোমবার সন্ধ্যায় সেলফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ারের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, সাবেক সাংসদ লে. কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম. বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
