ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৯:৩৬
 
গত তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২২ পয়েন্ট পতনের পর গতকাল সোমবার বেড়েছে ৪৫ পয়েন্ট। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এদিকে লেনদেনে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ১ ভাগ। এছাড়া মবিল যমুনা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসও উঠে এসেছে লেনদেনের প্রথম সারিতে। দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি। এ কোম্পানির দর বেড়েছে ১০ ভাগ। এছাড়া ব্যাংকিং খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে।
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৪০ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।
লেনদেনকৃত ২১৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল) ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক, মুন্নু সিরামিক্স ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এছাড়া মালেক স্পিনিং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।