দেশ সঠিক পথেই এগোচ্ছে: স্পিকার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ২২:০৩
 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ সঠিক সময়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। বাংলাদেশের সংসদও এখন প্রাণবন্ত। সকল বিষয়েই সংসদে আলোচনা হয়, বিরোধী দল সকল সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে। তিনি বলেন, পৃথিবীর বৃহত্ দুটি সংসদীয় ফোরামের প্রধান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি। সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক।
স্পিকার সোমবার তার কার্যালয়ে বাংলাদেশে সফররত ইউএনডিপি’র ব্যুরো অব এক্সটারনাল রিলেশনস এ্যান্ড এডভোকেসি বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সহকারী এডমিনিস্ট্রেটর মাইকেল ও’নিল সাক্ষাত করতে গেলে তার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রগতির বর্তমান সূচকই বলছে বাংলাদেশ নির্ধারিত সময়েই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সন্তোষজনক। বাংলাদেশের সকল উন্নয়নে আগামীতেও ইউএনডিপি’র সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন,  ইউএনডিপি ও বাংলাদেশ জাতীয় সংসদের যৌথ কার্যক্রম সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের অধিকতর সামর্থ্য বৃদ্ধিতে ইউএনডিপি’র কাজ করার সুযোগ রয়েছে।
মাইকেল ও’নিল এসময় ড. শিরীন শারমিন চৌধুরীকে কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
স্পিকার সিপিএ’র কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করে বলেন, সিপিএ বিভিন্ন দেশের পার্লামেন্টের সংসদ-সদস্যদের মাধ্যমে সেসব দেশের জনগণের দাবি তুলে ধরে। বিভিন্ন পার্লামেন্টের আইন-প্রণয়ন থেকে শুরু করে সেদেশের উন্নয়ন অগ্রগতিতে সিপিএ কাজ করে চলেছে। সিপিএভূক্ত দেশগুলোর বিভিন্ন ইস্যূ যেমন- নারী উন্নয়ন, জেন্ডার সমতা, সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সিপিএ কাজ করে থাকে। বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস এসময় উপস্থিত ছিলেন।