পিকেএসএফ’র সেমিনারে বক্তারা

টেকসই উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ২০:২৩
 
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে টেকসই করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। তাই কৃষি ও শিল্প খাতসহ সব খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।
সোমবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘টেকনোলজি ফর সাসটেইনেবল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফের ব্যবস্থাপক তানভীর সুলতানা ও হ্যাবিট্যাট এ্যান্ড ইকোনমি লিফটিং প্রোগ্রামের (এইচইএলএফ) নির্বাহী পরিচালক মীর আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে পিকেএসএফ বড় অবদান রাখছে। প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগে পুঁজির সহায়তা দিতে পিকেএসএফ নানাভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া দেশের দারিদ্র্যসীমা ২৬ শতাংশে নামিয়ে আনার ক্ষেত্রেও তাদের অবদান রয়েছে। তবে টেকসই উন্নয়ন ও কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধির জন্য কৃষি ও শিল্প খাতসহ প্রতিটি সেক্টরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। তবে প্রযুক্তি হতে হবে আমাদের মাটির সঙ্গে সম্পর্কযুক্ত। এমন কোনো প্রযুক্তি ব্যবহার করা যাবে না, যা আমাদের পরিবেশ-প্রকৃতি কিংবা মাটির সঙ্গে খাপ খায় না। দেশের কৃষি এবং শিল্প ব্যবস্থার অগ্রগতি প্রসঙ্গে ড. খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, অর্ধশতাব্দীকাল আগে এ দেশে শিল্পপতি বলে কাউকে খুঁজে পাওয়া যেত না। এখন এর সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। এছাড়া কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সরকার খাদ্য রপ্তানির চেষ্টাও করছে।
 পিকেএসএফ-এর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৪’। মেলায় প্রান্তিক জনগোষ্ঠীর উত্পাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবীণ কৃষিবিদ ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।