হামলার আগে ভিডিও করে অটোয়ার বন্দুকধারী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ২০:৩৬
 
কানাডার পার্লামেন্টে হামলাকারী ওই বন্দুকধারী সেখানে হামলার ঠিক আগে তিনি নিজেই নিজের ভিডিও করেন। তিনি আদর্শগত ও রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত ছিলেন । রবিবার পুলিশ একথা জানায়। তবে  তার মা ভিন্ন কথা বলেছেন। 
জনগণের উদ্দেশে তার মায়ের লেখা এক বিবৃতিতে বলা হয়, মাইকেল জেহাফ-বিবাউ মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে মরতে চেয়েছিল। বুধবার এক সৈন্যকে হত্যা করার পর সে অটোয়ার পার্লামেন্ট ভবনে পুলিশের গুলিতে নিহত হয়।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) কমিশনার বব পলসন এটিকে ‘একটি সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বলেন, ৩২ বছর বয়সী লোকটি আদর্শিক ও রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা চালিত হয় । জেহাফ বিবাউ এ হামলা চালানোর ঠিক আগে নিজের ভিডিও ধারণ করেছিল। ‘আরসিএমপি তথ্য-প্রমাণের জন্য ভিডিওটির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখছে।’
পোস্টমিডিয়া নিউজের কাছে প্রেরিত চিঠিতে ওই হত্যাকারীর মা সুসান বিবাউ বলেন, আলাদা থাকা তার ছেলে জঙ্গিদের সাথে যোগদিতে সিরিয়ায় নয়, ইসলাম ও কোরআন অধ্যয়নের জন্য সৌদি আরবে যেতে চেয়েছিল।
তার মা বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পাসপোর্ট আবেদন বারবার প্রত্যাখ্যাত হলে জেহাফ-বিবাউ মানসিকভাবে অনেক চাপের মুখে পড়ে। সে অন্য কোথাও যেতে না পেরে জীবনটাই তার কাছে অসহনীয় হয়ে পড়েছিল।’
তিনি বলেন, এক পর্যায়ে ‘জেহাফ বিবাউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এ থেকে বেরিয়ে আসার একমাত্র পথ মৃত্যু বলে সে মনে করে।’
তিনি জোর দিয়ে বলেন, ছেলের কাজ দেখে তিনি আতঙ্কিত হন। তার ছেলে প্রচন্ড মানসিক সমস্যায় ভুগছিল। 
উল্লেখ্য, জেহাফ বিবাউ ওয়ার মেমোরিয়ালে এক সৈন্যকে হত্যা করে। সে পরে পার্লামেন্ট ভবনে হামলা চালালে সার্জেন্ট - অ্যাট আর্মস তাকে গুলি করে হত্যা করে।
ইরাকে উগ্রবাদী জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে কানাডার যুদ্ধবিমান অংশ নেয়ার সিদ্ধান্তের পর এ হামলা চালানো হয়। এএফপি