যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) আন্ডারগ্রাজুয়েট নারী শিক্ষার্থীদের প্রতি ছয়জনের মধ্যে একজন যৌন নিগ্রহের শিকার বলে সম্প্রতি এক জরিপে উঠে এসেছে। সোমবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এমআইটি জানিয়েছে, পাঁচ শতাংশ আন্ডারগ্রাজুয়েট ছাত্রী জানিয়েছেন, তারা ধর্ষণের শিকার হয়েছেন। প্রতি পাঁচজনের একজন অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট ছাত্রীদের মধ্যে এ ধরনের পরিস্থিতিতে পড়ার সংখ্যা ৩৫ শতাংশ।
জরিপের ফলাফলসহ এক ক্যাম্পাস ইমেইলে এমআইটি’র প্রেসিডেন্ট রাফায়েল রেইফ লিখেছেন, যৌন নিগ্রহ আমাদের এমআইটি’র মূল্যবোধের লঙ্ঘন। এখানে এ বিষয়টির কোনো স্থান নেই।
জরিপ অনুযায়ী, অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানির অভিজ্ঞতার পরিস্থিতি শিকারদের মধ্যে দুই-তৃতীয়াংশ ঘটনার কথা কাউকে জানিয়েছেন। কিন্তু এদের পাঁচ শতাংশেরও কম প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন।
প্রতিষ্ঠানের এক সাবেক শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবাদপত্রে নিজের নাম প্রকাশ না করে ক্যাম্পাসে তার ধর্ষিত হওয়ার কথা লিখেছিলেন। এর পরপরই এমআইটি কর্তৃপক্ষ এ বিষয়ে পদপক্ষেপ নেয়া শুরু করে।
