ইরাকে গাড়িবোমা হামলায় ৮ জন নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৬:৫৭



ইরাকের রাজধানীর ওয়াথিক স্কোয়ারে সোমবার রাতে গাড়ি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
বাগদাদের কেন্দ্রস্থলের কারাদা এলাকায় ওই বিস্ফোরণস্থলের কাছাকাছি যেসব রেস্তোরাঁ ও হোটেল রয়েছে সেখান থেকে শিয়া মুসল্লীদের জন্য সাধারণত চা, পানি সরবরাহ করা হয়।
ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে আশুরা উপলক্ষে শত শত শিয়া মুসল্লী পবিত্র নগরী কারবালায় যাবে। এর আগেও এ ধরণের শিয়া মুসল্লীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এ বছর এ আশংকা সর্বাধিক বলে মনে করা হচ্ছে। কারণ ইরাকের বিরাট এলাকা বর্তমানে সুন্নী জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) দখলে রয়েছে।
আইএসসহ অন্যান্য সুন্নী চরমপন্থী গ্রুপ শিয়াদের বিধর্মী মনে করে এবং প্রায়ই তাদের লক্ষ্য করে হামলা চালায়। এএফপি