প্রধানমন্ত্রীর আমিরাত সফরে কোনো সফলতা নেই: মির্জা ফখরুল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১১:১৫
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব-আমিরাত সফরে কোনো সফলতা নেই। ঐ সফরে শুধু ফটোসেশন হয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। নারী গৃহকর্মী নেয়ার ব্যাপারে যে চুক্তির কথা বলা হচ্ছে তা আগে থেকেই ছিল। ঐ সফর ফেল।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘২৮ অক্টোবর: ট্রাজেডি ২০০৬-রুখে দাঁড়াও আওয়ামী জাহেলীয়াত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় তারা পরোক্ষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চায়। এর মাধ্যমে আইনগতভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণে নিতে চায়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনের পর সমপ্রচার নীতিমালা ও অভিশংসন আইন আইন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফকরুল বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই।সেজন্য দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ডা. জাফরউল্লাহ চৌধুরী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের গরীবে নেওয়াজ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান প্রমূখ।