আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শুধু অনুদান দিয়ে রাজনীতি করার দিন শেষ। রাজনীতি এখন ব্যয়বহুল। রাজনীতিবিদদের এখন রাজনীতির সঙ্গে ব্যবসা করে বৈধভাবে আয় করতে হবে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এর ’বাংলাদেশের রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনয়ন’শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জাতীয় ঐক্যের অভাবই আমাদের দেশে গণতন্ত্রের পথকে সুষম করতে সবচেয়ে বড় অন্তরায়। ’৭৫ এর ১৫ আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনদেশে বিভাজনের সূত্রপাত। সেখান থেকেই একের পর এক অগতান্ত্রিক সরকার ক্ষমতায় আসায় দেশে জাতীয় ঐক্যের অভাব সৃষ্টি হয়, যা পরবর্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এর গতিপথকে সুষম করার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’
আলোচনায় আরো বক্তৃতা করেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদের পরিচালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তৃতা করেন টিআইবির নির্বাহী পরিচাক ড. ইফতেখারুজ্জামান, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলীম প্রমুখ।
উন্মুক্ত আলোচনা পবের্, বিভিন্ন এনজিও কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়াকর্মীরা রাজনৈতিক দলের অর্থায়নে স্বচ্ছতা আনয়নের জন্য বিভিন্ন সুপারিশমালা পেশ করেন। খবর বাসস
