কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে ভারত গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সিপিএ এবং ভারতের পাঞ্জাব রাজ্য পার্লামেন্টের যৌথ আয়োজনে পাঞ্জাবের চন্ডিগড়ে বুধবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘দ্য রোল অব পার্লামেন্টারি এগ্রিকালচারাল কমিটি’ শীর্ষক এক কর্মশালায় যোগদানের লক্ষ্যে স্পিকারের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রসঙ্গত, ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সিপিএ’র চেয়ারপারসন নির্বাচিত হন স্পিকার।
সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাগুফতা ইয়াসমিন এ্যামিলি ও নজরুল ইসলাম বাবু। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান
সোমবার রাতে ঢাকার একটি হোটেলে ‘১৭তম রোটারি সিড এওয়ার্ড এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার বোর্ড অব ডিরেক্টরের ৩২তম অভিষেক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেয়া এবং আর্তমানবতার সেবায় ভূমিকা রাখার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে রোটারি ক্লাবসহ সকলকে একত্রে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় স্পিকারকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট দেয়া হয়। আর বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানকে ১৭তম রোটারি সিড অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ডিস্ট্রিক গভর্ণর রোটারিয়ান সাফিনা রহমান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার নতুন সভাপতি ফোরকান বিন কাশেম ও বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন
ক্রিকেট দলকে অভিনন্দন
বাংলাদেশে সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলের সঙ্গে প্রথম টেস্টে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে স্পিকার ও সিপিএ চেয়ারপারসন অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই জয় গৌরব ও সম্মানের।
