৩-৪ মাসেও আসছে না ইবোলা ভ্যাকসিন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ২০:৩৭
 
আগামী ৩-৪ মাসের মধ্যে ইবোলা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সংক্রামক ব্যাধি বিষয়ক পরিচালক রাজেস ভাটিয়া মঙ্গলবার বাসস’র সাথে আলাপকালে একথা জানিয়েছেন।
রাজেস ভাটিয়া বলেন, ইবোলা ভাইরাস প্রতিরোধক হিসেবে এ ধরনের ভ্যাকসিন হু’র নিকট আছে। তবে এই ভ্যাকসিনগুলোর পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এই ভ্যাকসিনগুলো যদি ব্যবহার সম্ভব হয় তাহলে প্রথম ব্যবহার হবে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে।
এর আগে তিনি নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ৩দিনব্যাপী ‘রিলিজন মিডিয়া ওয়ার্কস অন ইমারজেন্সি ইনফ্যাক্সার ডিজিস’-এর সেমিনারে ইবোলা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
রাজেস ভাটিয়া বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ইবোলা ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা খুব কম। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
ইবোলা ভাইরাস প্রতিরোধে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জনসচেতনতা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন।
নেপালের কাঠমান্ডুর একটি হোটেল সোমবার ৩দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এদেশের সাক্ষ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী খাগারাজ অধিকারী । 
রাজেস ভাটিয়া বলেন, ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৫০ জন মানুষ মারা যায়। আফ্রিকা অঞ্চলে এই রোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এই অঞ্চলগুলোতে ৬ হাজারের বেশি প্রশিক্ষিত চিকিৎসক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ হাজার ৯২২ জন মানুষ মারা গেছেন। বাসস