বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে সঠিক হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেক প্রার্থীর জয় দুঃখজনক বলে মন্তব্য করেছেন সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লিন ফেদারস্টোন।
তিনি সাবেক ব্রিটিশ পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সির বক্তব্য টেনে বলেন, নির্বাচন সাংবিধানিকভাবে সঠিক হয়েছে। কিন্তু অর্ধেকের মত প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেয়েছে যা দুঃখজনক। এ সময়ে তিনি সব রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার জন্য আহবান জানান।
মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এবং যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সহযোগী ডিএফআইডি’র বাংলাদেশ প্রধান সারা কুক উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি পাঁচ বছর পর পর সংঘাত এড়াতে সংলাপে বসতে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়া আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেই সাথে সবাই যাতে মনে করে এটি অবাধ ও ন্যয় সংগত নির্বাচন তাও নিশ্চিত করতে হবে।
