ইসলামের জন্য কী না করেছি, আগামীতেও করব: এরশাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ২১:০২
 
 
 
 
জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম হেফাজত হবে বলে দাবি করলেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় ওলামা-মাশায়েখ পার্টির সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘১০ বছর ক্ষমতায় ছিলাম। ইসলামের জন্য কি না করেছি। আগামীতেও আমরা ইসলামের খেদমত করব। তোমরা আল্লাহর ওপর ভরসা রেখো।’
এরশাদ আরও বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর প্রথম যখন ওআইসি সম্মেলনে গিয়েছিলাম, দেখলাম কেউ আমার সঙ্গে হাত মেলাচ্ছে না। এরপর দেশে ফিরেই আমি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করি। পরের বার যখন ওআইসি সম্মেলনে গেলাম, তখন দেখলাম সবাই আমাকে হাসিমুখে গ্রহণ করল।’ 
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন— জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায় ছাড়াও ওলামা মাশায়েখ পার্টির সভাপতি ক্বারি হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।