ভালো কাজ করতে নতুন দক্ষতা কাজে লাগাতে হবে: মজীনা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ২১:৩২
 
 
 
 
 
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘জনগণকে রক্ষার্থে এবং আরো ভালো কাজ করার ক্ষেত্রে নতুন দক্ষতাকে কাজে লাগাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুরক্ষার মাধ্যমেই বাংলাদেশের জনগণ সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য অর্জন করতে পারবে।’ মঙ্গলবার ঢাকায় পুলিশ স্টাফ কলেজে মেজর কেস ম্যানেজমেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্য তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশিক্ষণ ও খেলাধুলা) মো. ফিরোজ আল মুজাহিদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল প্রমুখ।
গত ১৮ থেকে ২৮ অক্টোবর এফবিআই বাংলাদেশের আইন প্রয়োগ সংস্থার বিভিন্ন শাখার ২৭ জন কর্মকর্তাকে মেজর কেস ম্যানেজমেন্ট কোর্সের পওর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণ ছিল আন্তজাতীয় তদন্ত কৌশল, তদন্তের তত্ত্ব, বোমা বিস্ফোরণ-পরবর্তী অনুসন্ধান, আধুনিক ফরেনসিক কৌশল, সন্ত্রাস অর্থায়ন ও অর্থ পাচার বিষয়ে। প্রশিক্ষণটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৩ সালের ২২ অক্টোবর স্বাক্ষরিত সন্ত্রাস প্রতিরোধ-সহযোগিতা উদ্যোগের আওতায় প্রদান করা হয়।
ড্যান মজীনা বলেন, ‘পুলিশের সদস্যরাই অপরাধীদের বিরুদ্ধে জনগণের একমাত্র রক্ষক। অপরাধীরা আমাদের মধ্যেই রয়েছে এবং তারা আমাদের ক্ষতি করতে চায়। এই প্রশিক্ষণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো কার্যকরভাবে সন্ত্রাসবাদ ও অপরাধ মোকাবিলায় সহায়তা করবে।’