ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা স্ট্রাকইকার রোমারিও তরুন ফুটবল তারকা নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। রোমারিওর বিশ্বাস, দেশের হয়ে ফুটবল খেলে কিংবদন্তি খেলোয়াড় পেলের গড়া রেকর্ড ভেঙে ফেলবেন নেইমার। নেইমারের বয়স মাত্র ২২। তাই ব্রাজিলের হয়ে পেলের ৯২ ম্যাচে ৭৭ গোলের রেকর্ড ভাঙার জন্যে নেইমার যথেষ্ট সময় পাবেন বলে মনে করেন রোমারিও।
রোমারিও বলেন, “নেইমার এমন এক খেলোয়াড় যার ওপর ব্রাজিলের মানুষের বিশ্বাস আছে এবং ইতিহাস গড়ার মতো তার সবই আছে। তার বয়স মাত্র ২২ এবং ইতোমধ্যে সে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের রেকর্ডের কাছে পৌঁছে গেছে। এটা যদি ধরে রাখতে পারে তাহলে সে পেলেকে ছাড়িয়ে যাবে।”
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাপানকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে একাই সবকটি গোল করে দেশের হয়ে নিজের গোল সংখ্যা ৪০-এ নিয়ে গেছেন নেইমার। মোট ৫৮টি ম্যাচ খেলে গোলগুলো করেছেন তিনি।
