সাইকেল তৈরী করতে গেলে শক্ত ধাতুর দরকার। কারণ এটিকে অনেক ওজন ও উঁচু নিচু পথের ঝক্কি সহ্য করতে হয়। এটি তৈরী করতে গেলেও নিখুঁত কারিগরি জ্ঞান দরকার। কিন্তু জাপানের এক নৌকা নির্মাতা কাঠ দিয়ে নৌকা বানাতে বানাতে হয়ে গেছেন সাইকেল ইঞ্জিনিয়ার। তিনি মেহগনি কাঠ দিয়ে তৈরী করে ফেলেছেন আকর্ষণীয় বাইসাইকেল। এটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আগ্রহের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ওই কাঠমিস্ত্রির নাম সুয়েসিরো স্যানো। নিজের ‘স্যানো ম্যাজিক’ স্টোরে এই সাইকেলের প্রদর্শনী করছেন। তার সাইকেল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন অগণিত মানুষ। সুয়েসিরো এতদিন নৌকা তৈরীর কাজেই জনপ্রিয় ছিলেন। কিন্তু এখন তিনি সাইকেল প্রেমিকদের কাছে প্রিয় মুখ। কারণ তিনি দারুণ সব ডিজাইন ও রঙের সাইকেল তৈরী করেন। এগুলো অনেকের কাছে ফ্যাশন সামগ্রীও হয়ে দাঁড়িয়েছে। ধাতব সাইকেলের মতো একই গতিতে এগুলো চালানো যায় কোনো ঝুঁকি ছাড়াই। তবে কাঠ দিয়ে তৈরী সুয়েসিরোর এই সাইকেল কিন্তু সস্তা নয়। কিনতে মন চাইলে খরচ করতে হবে ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা)। -এএফপি
