সর্বোচ্চ নিরাপত্তার জন্য রাশিয়ার নব উদ্ভাবিত ও উন্নত ‘কোর ক্যাচার’ রূপপুর আণবিক বিদ্যুত্ কেন্দ্রে ব্যবহূত হবে বলে বিদ্যুত্ কেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত হোসেন জানিয়েছেন। আণবিক বিদ্যুত্ চুল্লির নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান এটমএনার্গোপ্রোয়েক্ট উন্নত ধরনের এই কোর ক্যাচার উদ্ভাবন করেছে। সমপ্রতি তুরস্কের আণবিক শক্তি বিশেষজ্ঞদের সামনে এই নতুন কোর ক্যাচারটি উপস্থাপন করা হয় বলে জানা গেছে। তীব্র মাত্রার ভূমিকম্প সহনশীল, সহজে স্থাপনযোগ্য ও অন্যান্য সুবিধা সম্বলিত নতুন কোর ক্যাচারটি রাশিয়া কর্তৃক নির্মিতব্য তুরস্কের আকুইউ আণবিক বিদ্যুত্ কেন্দ্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।
প্রথম কোর ক্যাচারগুলো ব্যবহূত হয় সমপ্রতি নির্মিত চীনের তিয়ান ওয়ান ও ভারতের কুদানকুলাম আণবিক বিদ্যুত্ প্রকল্পে। তুরস্কের আকুইউ আণবিক বিদ্যুত্ কেন্দ্রটি এটমএনার্গোপ্রোয়েক্ট প্রণীত নকশা অনুযায়ী তৈরি হচ্ছে। এটিতে থার্ড প্লাস জেনারেশনের সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংবলিত আইএএস ২০০৬ মডেলের চুিল্ল ব্যবহূত হবে। সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের রূপপুরে বাস্তবায়নাধীন আণবিক বিদ্যুত্ কেন্দ্রেও এই সর্বাধুনিক কোর ক্যাচারটি ব্যবহূত হবে।
