সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ০০:৩৫

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে ৮ জন নিহত হয়েছে। নারায়ণগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া বরিশাল, যশোর, গাইবান্ধায় একজন করে নিহত হয়েছে। টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো দুই জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মিনি বাসের সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মোবারক হোসেন (৬০) ও আলী হোসেন নামে দুই জন।
বরিশাল অফিস জানায়, নগরীর আমতলা এলাকায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মাহফুজা খানম (৪৫) নামের পরিবার কল্যাণ পরিদর্শিকা নিহত হয়েছেন। নিহত মাহফুজা নগরীর সিএন্ডবি সড়কের এস.এম মোতালেব মিয়ার স্ত্রী। তিনি সদর উপজেলার চরাদি ইউনিয়নের সিনিয়র পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে কর্মরত ছিলেন।
যশোর অফিস জানায়, যশোরে সন্ত্রাসীদের হাতে আহত পরিবহন শ্রমিক তৌহিদুর রহমান তরু (২৭) মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তরু সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকার আশরাফ খান লাল্লুর ছেলে। তার মৃত্যু সংবাদ যশোরে পৌঁছালে পরিবহন শ্রমিকরা শহরের মনিহার এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ এসে খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার ভোরে বিরাট-পানিতলা সড়কে ভটভটির চাপায় আব্দুল হামেদ (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মনছের আলীর ছেলে।
লাকসাম (কুমিল্লা­) সংবাদদাতা জানান, লাকসামে পুলিশবাহী সিএনজি অটোরিকশার সাথে অপর একটি সিনজির মুখোমুখি সংঘর্ষে রাজু (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তার পা ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। লাকসাম থানার এসআই আবু বককার খান জানান, গাড়ি দু’টি আটক করা হয়েছে। আহত যুবকের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মঙ্গলবার টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। পুলিশ সূত্র জানায়, মির্জাপুর উপজেলার জামুর্কি নামক স্থানে ট্রাক উল্টে সুবল চন্দ্র পোদ্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া দেলদুয়ার নামক স্থানে মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তোষার (২৪) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।