যেকোনো শোরুমের আয়োজকরা ‘দো-পেয়ে’ দস্যুর ভয়ে ভীত থাকে। তারা জিনিসপত্র ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক বিশাল ফার্নিচার স্টলে এক চারপেয়ে ‘দস্যু’ যে তান্ডব চালিয়েছে তার ক্ষতি পুষিয়ে নিতে মালিকের অনেক দিন লেগে যাবে। এই দুস্য আর কেউ নয়, একটা হরিণ। রবিবার ওই ঘটনায় হকচকিত হয়ে গেছেন শো রুমের মালিক। ডেভ ইমেট নামের ওই শোরুমের মালিক জানান, লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত ছিল তখন হঠাত্ করে জানালা ভাঙার শব্দ পেয়ে সেদিকে তাকান। দেখেন এক ব্যতিক্রমী ‘কাস্টমার’। কিন্তু মুহুর্তেই তারা বুঝতে পারলেন এই ‘কাস্টমার’ কেনাকাটা করতে নয়, দস্যুবৃত্তি করতে সেখানে ঢুকেছে। সাজানো শোরুমে এদিক সেদিক এমন দৌঁড়াদৌড়ি শুরু করল যে অনেক ফার্নিচার পড়ে গিয়ে ভেঙে গেল। এক পর্যায়ে সে তার শিং দিয়ে ‘এক্সিট’ লেখা গেটে ধাক্কা মেরে দরজা খুলে নিজেই বের হয়ে পালিয়ে গেল। -এপি
