ঘুমের মধ্যে ঘরের মধ্যে হাটাহাটি করা অভ্যাস অনেকের আছে। কিন্তু ঘুমের মধ্যে হাটতে হাটতে আরেক জনের বাড়ি গিয়ে তার বেডরুমে ঢুকে বিছানায় শুয়ে রাত কাটিয়ে সকাল বেলায় গ্রেফতার হয়েছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের এক ভদ্রলোক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। কিনটন এলাকার রুপার্ড নামের এক লোক ঘুম থেকে উঠে দেখেন তার বিছানায় অপরিচিত একজন। তিনি ভয়ে লাফিয়ে উঠে পুলিশের জরুরি নাম্বারে ফোন করেন। পুলিশ ছুটে এসে জানতে পারে তার নাম টেলর সুলিভান। সুলিভান দাবি করেন, তিনি ঘুমের মধ্যে হাটতে হাটতে এখানে চলে এসেছেন। তিনি ভেবেছিলেন এটা তার মায়ের বাসা! কিন্তু পুলিশ তার ব্যাখ্যা গ্রহণ না করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে অন্যের বাড়িতে অবৈধ অনুপ্রবেশের ও ভয় পাইয়ে দেয়ার মামলা দায়ের করা হয়েছে। দোষী প্রমাণ হলে তাকে ঘুমের মধ্যে হাটাহাটির চড়া মূল্য দিতে হবে। -রয়টার্স
