'মৃত্যু নিয়ে চিন্তিত নই, তবে প্রতিবাদ করতে হবে শান্তিপূর্ণ উপায়ে'

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৭:৪০
 
 
 
 
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, ‘জীবন-মৃত্যু আল্লাহতায়ালার হাতে। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তা হবে। এ নিয়ে আমি চিন্তিত নই।’ নিজামী বলেন, ‘এত বড় মিথ্যা মামলা দিয়ে আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আর এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবে সেই প্রতিবাদ হতে হবে সহিংস নয়, অহিংস ও শান্তিপূর্ণ উপায়ে।’
বুধবার মানবতা-বিরোধী অপরাধের দায়ে নিজামীকে মৃত্যুদণ্ট দেয়ার পর এই প্রতিক্রিয়া সাংবাদিকদের অবহিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট এম তাজুল ইসলাম।
নিজামী বলেন, ‘মানবতা-বিরোধী যেসব অভিযোগ রাষ্ট্রপক্ষ আমার বিরুদ্ধে এনছে তা সবৈব মিথ্যা। এর সঙ্গে আমার এবং দলের কোনো সম্পৃক্ততা ছিল না। শুধু ১৯৯১ সালে সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন না দেয়া এবং আমি এই দলের আমীর হওয়ায় আমাকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলায় পাবনার যে সব স্থানের কথা বলা হয়েছে, সেসব স্থানে কখনো আমি যাইনি। কিছু লোককে মিথ্যা সাক্ষী বানিয়ে এই মামলা করা হয়েছে।’
নিজামী বলেন, ‘আমরা ইসলামি আন্দোলনের সঙ্গে যুক্ত। যেহেতু ইসলামি আন্দোলন করি সেহেতু আমাদের ওপর এ ধরনের জুলুম, নির্যাতন ও মিথ্যা অপবাদ আসতেই পারে।’ 
বুধবার দুপুরে রায় ঘোষণার পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এর অনুমতি নিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও আইনজীবী এম তাজুল ইসলাম। সে সময় নিজামী তাদের এ সব কথা বলেন বলে জানান তাজুল ইসলাম।