রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: প্রসিকিউশন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৫:১৭
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে প্রসিকিউশন। বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানানো হয়।
প্রসিকিউটর মো. আলী বলেছেন, এই রায় ঐতিহাসিক। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, আদালত বলেছেন, নিজামী ইসলাম ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। কিন্তু মুক্তিযুদ্ধের সময় কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে গণহত্যা, ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে অন্যদের উস্কানি দিয়েছেন, নিজেও করেছেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে চারটির জন্য মৃত্যুদণ্ড ও চারটির জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।