রাষ্ট্রদ্রোহ মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলু রহমানকে হয়রানি না করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি পরবর্তী শুনানির জন্য প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন। রবিবার এ আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। গত উপজেলা নির্বাচনের সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ফজলু রহমান। ওই বক্তব্যের প্রেক্ষিতে মো. আলী হোসেন নামে এক ব্যক্তি কিশোরগঞ্জের ইটনা থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশ এবং তদন্তের সাপেক্ষে মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে এ মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রদ্রোহ মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় আদালতে আত্মসমর্পনের পূর্ব পর্যন্ত ফজলু রহমান গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট হয়রানি না করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের পক্ষে এটর্নি জেনারেল অ্যাড. মাহবুবে আলম ও ফজলু রহমানের পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুনানি করেন।
